সংবাদদাতা,বাঁকুড়াঃ- শারদোৎসবের আনন্দ ও উদ্দীপনার মাঝেই এক দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া শহরে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে হানা দিল দুষ্কৃতী দল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধর্মরাজ পল্লী এলাকায়। উৎসবের মরসুমে শহরের একটি জনবহুল এলাকায় এই ধরনের চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মরাজ পল্লীর বাসিন্দা ওই প্রাক্তন সেনাকর্মীর নাম বঙ্কিম ঢক। রবিবার সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দুর্গোৎসবের প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন। রাত আনুমানিক ৯টা নাগাদ বাড়ি ফিরে তাঁরা দেখেন, বাড়ির মূল ফটকটি ভেতর থেকে বন্ধ । বিষয়টি অত্যন্ত সন্দেহজনক মনে হওয়ায় গৃহকর্তা বঙ্কিমবাবু তৎক্ষণাৎ পাঁচিল ঘেঁষে থাকা একটি ইলেকট্রিক পোস্টে ওঠে দেখেন ভেতরের আলো জ্বলছে এবং শৌচাগারের জানালার লোহার গ্রিল কাটা অবস্থায় রয়েছে। বাড়িতে দুষ্কৃতীরা ঢুকেছে বুঝতে পেরে তিনি প্রতিবেশীদের জানান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। এরপর ঘরে ঢুকে দেখা যায়, ভেতরের সমস্ত আসবাবপত্র এবং বিছানা লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। ঘরের আলমারির লকার ভাঙা। গৃহকর্তার প্রাথমিক দাবি, আলমারিতে রাখা প্রায় এক লক্ষ টাকার সোনার গহনা লুঠ করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
প্রাক্তন সেনা জওয়ানের অনুমান, দুষ্কৃতীরা হয়তো বেশ কিছুদিন ধরে তাঁদের গতিবিধির ওপর নজর রাখছিল। উৎসবের দিন বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়েই তারা এই অপরাধটি সংগঠিত করেছে।
এদিকে, পুজোর আবহে শহরের বুকে এমন চুরির ঘটনায় পুলিশের টহলদারি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।