সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ব্লক প্রশাসনের তরফে লিখিত নোটিশ দেওয়া সত্ত্বেও এদিন বারাবনি পঞ্চায়েত সমিতিতে অনুপস্থিত থাকলেন তৃণমূলের জয়ী সদস্য ও কর্মাধ্যক্ষরা। ২৩ আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতির ১৬ জন সদস্য আগেই পদত্যাগ করেছিলেন। বাকি থাকা ৭ জন সদস্যকে উপস্থিত থাকার আবেদন জানিয়ে প্রশাসন নোটিশ দিলেও এদিন তাঁদের কারও দেখা মেলেনি। উল্লেখ্য, কয়েকদিন আগে বারাবনি ব্লকেরই পাঁচগেছিয়া পঞ্চায়েতেও প্রধানের পদত্যাগ ও সদস্যদের অনুপস্থিতির জেরে একই পরিস্থিতি তৈরি হয়েছিল।
পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে সভাপতি, সহ-সভাপতি এবং কর্মাধ্যক্ষরা অনুপস্থিত থাকায় এলাকায় দৈনন্দিন নাগরিক পরিষেবা চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি শাসকদলেরই একাংশ নেতা-কর্মী এই অনুপস্থিতির জেরে পরিষেবা থমকে যাওয়া নিয়ে সরব হয়েছেন। অন্যদিকে, সাধারণ মানুষ ও বিজেপি নেতৃত্বের দাবি, জনপ্রতিনিধিরা না থাকায় মানুষ প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাই দ্রুত প্রশাসনিক স্তরে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক।
বারাবনির এই দুই প্রশাসনিক স্তরেই শাসকদলের জনপ্রতিনিধিদের লাগাতার অনুপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এখন এলাকার সাধারণ মানুষের পরিষেবা সচল রাখতে ব্লক ও জেলা প্রশাসন কী ধরনের বিকল্প পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।