নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের (ডিপিএল) অভ্যন্তরে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের অভাব-অভিযোগ এবং ন্যায্য অধিকার রক্ষার লক্ষ্যে দুটি পৃথক কমিটি গঠন করল ভারতীয় জনতা মজদুর মঞ্চ। সোমবার ডিপিএলের দপ্তরে কর্তৃপক্ষের হাতে নবগঠিত এই দুটি কমিটির সদস্যদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ডিপিএল দপ্তরে উপস্থিত হয়ে এই তালিকা পেশ করেন। তিনি জানান, প্লান্টের স্থায়ী কর্মীদের স্বার্থ দেখার জন্য ২৫ জন সদস্যকে নিয়ে ‘দুর্গাপুর প্রজেক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। অন্যদিকে, অস্থায়ী ও ঠিকা শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ১৫ জন সদস্যকে নিয়ে তৈরি করা হয়েছে ‘কন্ট্রাক্টর লেবার ইউনিয়ন’।
কল্যাণ দুবে স্পষ্ট জানান যে, দুটি কমিটিই ভারতীয় জনতা মজদুর মঞ্চের অনুমোদিত এবং স্বীকৃত। আগামী দিনে ডিপিএলের অন্দরে সমস্ত স্তরের শ্রমিক-কর্মচারীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং যেকোনো সমস্যার সমাধানে এই ৪০ সদস্যের জোড়া কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।