নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সরকারি প্রশাসনিক দপ্তরের ভেতরে বসে জেলা বিজেপি সহ-সভাপতির জন্মদিন পালনের একটি ভিডিও ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক ছড়াল কাঁকসায়। বুধবার কাঁকসা পঞ্চায়েত সমিতির কার্যালয়ের ভেতরে মিষ্টিমুখ, উপহার প্রদান ও উত্তরীয় পরিয়ে বিজেপি নেতা রমন শর্মাকে শুভেচ্ছা জানানোর দৃশ্য প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধীরা। ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও কড়া পদক্ষেপের দাবি জানিয়ে কাঁকসার বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জাতীয় কংগ্রেস।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে (যদিও ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব ডেস্ক)। সেখানে দেখা যায়, কাঁকসা পঞ্চায়েত সমিতির কার্যালয়ের ভেতরে বসে রয়েছেন বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি রমন শর্মা। সেখানে দুই ব্যক্তি ও এক মহিলা তাঁকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, হাতে উপহার তুলে দিচ্ছেন এবং গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন।
এদিকে সরকারি অফিসকে দলীয় কর্মসূচির কাজে ব্যবহার করা হচ্ছে—এই অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেসের সদস্য দেবেশ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, "তৃণমূলের কালচার এখন বিজেপিতে এসেছে। সরকারি প্রশাসনিক দপ্তরের ভেতরে বিজেপি নেতার জন্মদিন পালন হচ্ছে। পঞ্চায়েত সমিতির কার্যালয়ে সরকারি আধিকারিকদের থেকেও দলের নেতাদের বেশি দেখা যাচ্ছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং যাঁরা এর সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।"
অন্যদিকে, বিরোধীদের সমস্ত অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মা। সাফাই দিতে গিয়ে তিনি বলেন, "এই অভিযোগের কোনো গুরুত্বই নেই। দুজন এসে আমাকে উত্তরীয় পরিয়ে, মিষ্টি খাইয়ে 'হ্যাপি বার্থডে টু ইউ' বলে শুভেচ্ছা জানালেন—এটাকেই কি সেলিব্রেশন বলা হয়? আসলে বিরোধীদের হাতে এখন কোনো কাজ নেই, তাই অযথা ভুলভাল অভিযোগ করে প্রচারে থাকতে চাইছে।"
সরকারি দপ্তরের গরিমা ক্ষুণ্ণ হওয়ার এই অভিযোগকে কেন্দ্র করে কাঁকসার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।