এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- বাংলার ব্রিগেডে এবার নজির গড়ার লক্ষ্য। একসঙ্গে ১০ লক্ষ কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের কর্মসূচী নেওয়া হয়েছে আগামী ২৯শে ডিসেম্বর। দেশজুড়ে সনাতনী আচার ও ভাবধারার প্রচার-প্রসারের উদ্যোগের অঙ্গ হিসাবেই এই আয়োজন। প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। উপস্থিত থাকার কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ মন্ত্রীসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হবে।
উদ্যোক্তাদের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৯শে ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলবে এই কর্মসূচী। গীতার দ্বিতীয়, দ্বাদশ এবং পঞ্চদশ অধ্যায় পাঠ করা হবে। আয়োজকদের দাবি, শুধু কলকাতা বা শহরতলি নয়, রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা এবং ব্লক স্তর পর্যন্ত এই কর্মসূচীর প্রস্তুতি শুরু হয়েছে। তার জন্য ইতিমধ্যেই বিভিন্ন স্তরে কমিটি গঠনের কাজ চলছে। প্রচারও শুরু হয়েছে জেলায় জেলায়।
মুর্শিদাবাদের বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামেই পরিচিত, জানিয়েছেন, আগামী ২৯শে ডিসেম্বর ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের সংকল্প নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রসিদ্ধ মন্দির ও মিশনের প্রধানদের পাশাপাশি বৈষ্ণব গুরুরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। যোগগুরু রামদেবের উপস্থিত থাকার কথাও রয়েছে।
বাংলায় বৃহৎ পরিসরে গীতাপাঠের কর্মসূচী অবশ্য নতুন নয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত নবদ্বীপ ধামে প্রথম এই উদ্যোগের সূচনা হয়েছিল। পরে বিভিন্ন বাঁধা ও বিরোধিতা অতিক্রম করে ব্রিগেডে ১ লক্ষ ৩৭ হাজার মানুষের সমবেত গীতাপাঠের আয়োজন হয়। তার পর শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে ১ লক্ষ ২৭ হাজার মানুষের উপস্থিতিতে গীতাপাঠ হয়। পরবর্তী পর্যায়ে বিধানসভা নির্বাচনের আগে যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা সত্ত্বেও ব্রিগেডে প্রায় ছ’লক্ষ মানুষের সমাগম হয়েছিল বলে উদ্যোক্তাদের দাবি। সেই অভিজ্ঞতা থেকেই এ বার সংখ্যার লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে ১০ লক্ষে পৌঁছতে চাইছেন আয়োজকেরা।
কার্তিক মহারাজের বক্তব্য, বর্তমান সামাজিক পরিস্থিতিতে গীতার বাণীর প্রাসঙ্গিকতা আরও বেড়েছে। তাঁর কথায়, ‘‘আমাদের মধ্যে তৈরি হওয়া বিশৃঙ্খলতা এবং মানসিক অবসাদ দূর করতে শ্রীমদ্ভগবদ্গীতার প্রয়োজন।’’ তাঁর দাবি, আগের কর্মসূচীগুলির মতো এবারও সমস্ত ধর্মের মানুষকে এই আয়োজনে সামিল করার চেষ্টা হবে।
ব্রিগেডের এই কর্মসূচীতে শেষ পর্যন্ত কত মানুষের সমাগম হয়, প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী মোদী আসেন কি না, এবং জাতীয় স্তরের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের কত জন উপস্থিত থাকেন—এখন নজর সে দিকেই। ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা বাংলার ধর্মীয়-সাংস্কৃতিক কর্মসূচির ইতিহাসে অন্যতম বৃহৎ আয়োজন হয়ে উঠতে পারে।