সন্তোষ কুমার মণ্ডল, বুদবুদঃ- কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সম্পন্ন হলো পূর্ব বর্ধমান জেলার বুদবুদের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন। ভোটাভুটিতে জিতে পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন বিজেপির সদস্য ক্ষেত্রনাথ বাগদি।
প্রসঙ্গত, ১৭ আসন বিশিষ্ট চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েত এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। কিন্তু রাজ্যে পালাবদলের পর দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধান অনুপ মেটে বুদবুদ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পদ থেকে ইস্তফা দেন। এরপর থেকে প্রধানহীন অবস্থায় থাকায় শংসাপত্র প্রদান-সহ একাধিক সরকারি প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে নতুন প্রধান নির্বাচনের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয় বিজেপি।
প্রশাসনিক সূচি মেনে এদিন কড়া নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। মোট ১৭ জন সদস্যের মধ্যে ১৫ জন ভোটাভুটিতে অংশ নেন। গণনা শেষে দেখা যায়, বিজেপির ক্ষেত্রনাথ বাগদি ১১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। দায়িত্ব নেওয়ার পর নবনির্বাচিত প্রধান ক্ষেত্রনাথ বাগদি জানান, পঞ্চায়েতের থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করা এবং এলাকার মানুষের সমস্যা সমাধান করাই তাঁর প্রধান লক্ষ্য।