সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রামপুর এমভিআই চেকপোস্টে অবৈধ তোলাবাজি ও দুর্নীতির মামলায় বড়সড় সাফল্য পেল রাজ্য দুর্নীতি দমন শাখা (ACB)। কুলটি থানার অন্তর্গত জাতীয় সড়কের ধারে অবস্থিত ‘রাজস্থান ধাবা’-র মালিক তথা দেবীপুরের বাসিন্দা পঞ্চানন মণ্ডলকে (পাঁচু) গ্রেপ্তার করলেন এসিবির আধিকারিকেরা। বৃহস্পতিবার পণ্যবাহী গাড়ির চালকের কাছ থেকে ‘গাড়ি পাস’ করিয়ে দেওয়ার নামে টাকা আদায়ের সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয় বলে সূত্রের খবর। এমনকি এদিন পাঁচু মণ্ডলের ধাবা, দেবীপুরের বাড়ি এবং খুদিকার একটি ঠিকানায় তদন্তকারীরা ম্যারাথন তল্লাশি অভিযান চালান বলেও খবর ।
প্রসঙ্গত, কয়েক মাস আগে রামপুর চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাককে বেআইনিভাবে আটকে রেখে রাজ্য সরকারের বিলুপ্ত একটি করের নাম করে ২২ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগ সামনে আসার পর পরিবহন দপ্তর দ্রুত পদক্ষেপ করে। দুই আধিকারিককে বরখাস্ত করে তদন্তের ভার দেয় অ্যান্টি-করাপশন ব্যুরোকে। পরবর্তীতে ওই দুই আধিকারিক ও দুই এজেন্টকে গ্রেপ্তার করা হলেও, চক্রের মূল পান্ডারা ধরাছোঁয়ার বাইরে ছিল বলে অভিযোগ। আগের ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদিন ফাঁদ পেতে পাঁচু মণ্ডলকে ধরা হলো খবর।
এই চক্রের পেছনে আর কোন প্রভাবশালীরা যুক্ত রয়েছেন এবং আর্থিক লেনদেনের আর কী তথ্য উঠে আসে, এখন তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা। তবে এই অভিযান ও গ্রেপ্তার প্রসঙ্গে এসিবির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।