সংবাদদাতা,বুদবুদঃ- স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৪২ লক্ষ টাকা তছরূপের অভিযোগে এক আধিকারিককে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালেন সদস্য মহিলারা। সমবায়ের টাকা কোথায় গেল, তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি তুলে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায় বুদবুদের সুখডাল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলসি ১ নম্বর ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে গড়ে উঠেছে ‘সোনারতোরী মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’। দীর্ঘদিন ধরে বহু মহিলা এই সমবায়ের সাথে যুক্ত। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, গোষ্ঠীর সদস্যদের দাবি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত হওয়া অডিটে প্রায় ৪২ লক্ষ টাকার কোনো হিসাব মিলছে না। তাঁদের দাবি, শুধু ২০২৪ সাল নয়, বর্তমান ২০২৬ সাল পর্যন্ত সংস্থার সমস্ত আর্থিক লেনদেনের অডিট রিপোর্ট তাঁদের সামনে জনসমক্ষে তুলে ধরতে হবে। সদস্যদের আরও অভিযোগ, তৃণমূল সরকারের আমলে নিতু ম্যাকানজি, রমা রুইদাস ও শম্পা দাস দায়িত্বে ছিলেন, যাঁরা এই দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারেন। এমনকি, বর্তমান স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক সীমা দেবও সেই সময়ে দায়িত্বে ছিলেন।
এদিন বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে গোষ্ঠীর সদস্য তথা গলসি ১ নম্বর ব্লকের বিজেপি মহিলা মোর্চার সভাপতি কামেনি বণিক বলেন, “গরিব মানুষের কষ্টের টাকার হিসাব কেন মিলছে না, তার জবাব দিতে হবে। সেই কারণেই আমরা বিক্ষোভে নেমেছি। বিষয়টি ব্লক প্রশাসনকেও জানানো হয়েছে।” অন্যদিকে, এই আর্থিক কেলেঙ্কারি ও বিক্ষোভ প্রসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক সীমা দেব কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, উল্টে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।