সংবাদদাতা,আসানসোলঃ- দীর্ঘ ১৫ বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার পরও সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ার ক্ষোভ উগরে দিয়ে ফের প্রশাসনের দ্বারস্থ হল অল আদিবাসী কো-অর্ডিনেশন কমিটি। বুধবার আসানসোল মহকুমা শাসকের দফতরে গিয়ে সংগঠনের পক্ষ থেকে ২২ দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।
সংগঠনের সম্পাদক মতিলাল সরেন জানান, ২০১১ সাল থেকেই আসানসোল মহকুমায় আদিবাসীদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবিদাওয়া নিয়ে আন্দোলন চলছে। তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার প্রশাসনিক কাঠামোর মধ্যেও আসানসোল এসডিও দফতরে এই ২২ দফা দাবি জানানো হয়েছিল। দীর্ঘ ১৫ বছর অতিক্রান্ত হলেও এবং রাজ্যে রাজনৈতিক ক্ষমতা বদল হলেও আদিবাসী সম্প্রদায়ের সমস্যাগুলি যথাযথভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি এবং দাবিগুলির কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মতিলাল সরেন। তিনি স্পষ্ট করেন, প্রথমে আবেদন-নিবেদনের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও, তাতে কাজ না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলা হবে।