এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- কলকাতার চোরবাগান এলাকায় পুজো পরিক্রমা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার, ২০ অক্টোবর নির্দিষ্ট এলাকায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের ওই মর্মান্তিক দুর্ঘটনায় পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের আড়ুই ইউনিয়নের বীরপুর নিবাসী টগর বেজ ও তাঁর নাবালক পুত্র সন্দীপ বেজ (১২) এবং আরামবাগের বেলে গ্রামের বাসিন্দা তথা মাধবডিহি থানার কুমারপুরের মেয়ে পিয়ালী প্রামাণিকের মৃত্যু হয়। এই তিনজনের আকস্মিক প্রয়াণে গোটা অঞ্চলজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে।
আগামীকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রথমে বীরপুর এবং পরে আরামবাগের ভালিয়া গ্রামে গিয়ে শোকাত্ত পরিবারগুলোর হাতে সান্ত্বনার বার্তা পৌঁছে দেবেন। পাশাপাশি, সরকারিভাবে ঘোষণা করা আর্থিক সাহায্যের চেকও পরিবারের হাতে তুলে দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর এই আগমনকে ঘিরে প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি চলছে। গোতান ফুটবল মাঠে তাঁর হেলিকপ্টার অবতরণের জন্য বিশেষ হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে, বীরপুর গ্রামে যাতায়াতের রাস্তাঘাট সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে। এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের নজর এখন সংশ্লিষ্ট গ্রামগুলির দিকেই রয়েছে।