এই বাংলায় দক্ষিণ বাংলা

ভুয়ো প্রাপকদের ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরতের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

By Eaibanglai - November 14, 2026
— Advertisement —
Advertisement
ভুয়ো প্রাপকদের ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরতের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- আবাস যোজনার টাকা নয়ছয় রুখতে এবার চরম কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁরা নিয়ম ভেঙে অযোগ্য হওয়া সত্ত্বেও সরকারি আবাসের টাকা নিয়েছেন, তাঁদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেই অর্থ ফেরত দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সমীক্ষায় উঠে আসা ৫৭ হাজার ভুয়ো প্রাপকের বিরুদ্ধে সিট গঠন করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।


শুক্রবার নবান্ন সভাঘরে 'পশ্চিমবঙ্গ আবাস' প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের অনুষ্ঠান  মঞ্চ থেকেই দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। প্রশাসন সূত্রের খবর, ক্ষেত্রসমীক্ষায় দেখা গিয়েছে তালিকাভুক্ত ১২ হাজার প্রাপক সরকারি নিয়ম অনুযায়ী ঘর পাওয়ার যোগ্য নন। অথচ তাঁদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এঁদের মধ্যে ১ হাজার জন ইতিমধ্যেই টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার অযোগ্য প্রাপককে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আপনারা অবিলম্বে ৩০শে নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিয়ে সম্ভাব্য আইনি জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত করুন। কারণ এই টাকা আমরা আপনাদের কাছে রাখতে দেব না। আপনাকে টাকা ফেরত দিতে হবে। কারণ আপনি যোগ্য প্রাপক নন।"

শুধু অযোগ্য প্রাপকই নয়, সমীক্ষায় ৫৭ হাজার এমন প্রাপকের হদিস মিলেছে, বাস্তবে যাঁদের কোনো অস্তিত্বই নেই। মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এই ৫৭ হাজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদের অ্যাকাউন্টে কী ভাবে ৬০ হাজার টাকা চলে গেল, জনগণের টাকা, সরকারের টাকা, এটা দেখতে হবে আমাদের।" 

কারা এই ভুয়ো নাম সুপারিশ করেছিলেন, তা খতিয়ে দেখতে প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে সিআইডি-কে দিয়ে তদন্ত করানো হবে। কোনো সরকারি আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।মুখ্যসচিব মনোজ আগরওয়ালও স্পষ্ট জানান, যোগ্যতার মাপকাঠির বাইরে গিয়ে সুবিধা নেওয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং সরকার তা কোনোভাবেই রেহাই দেবে না।


রাজ্যের সর্বস্তরে দুর্নীতি ও সরকারি তহবিলের অপচয় বন্ধ করতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এ ছাড়া দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা রাজ্য দুর্নীতি দমন শাখা বা এসিবি-কেও ফের সক্রিয় করা হয়েছে।


দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তার পাশাপাশি প্রকৃত উপভোক্তাদের বাড়তি সুবিধা দেওয়ার কথাও এ দিন ঘোষণা করা হয়। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানান, আবাসের উপভোক্তারা 'বিকশিত ভারত জি রামজি' প্রকল্পে ৯০ থেকে ৯৫ দিনের কাজের মজুরি বাবদ আরও প্রায় ৩০ হাজার টাকা এবং শৌচালয় নির্মাণের জন্য ১২ হাজার টাকা পাবেন। অর্থাৎ ঘর তৈরির জন্য সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা মিলবে। এ ছাড়া ইট-বালির দাম নিয়ন্ত্রণে রাখতে জেলাশাসকদের নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উপভোক্তারা যাতে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে বালি পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি, আবাস উপভোক্তাদের 'প্রধানমন্ত্রী সূর্য ঘর' প্রকল্পে যুক্ত করে বিনামূল্যে সৌরবিদ্যুতের সুবিধা দেওয়ার নির্দেশও দিয়েছেন শুভেন্দু।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement