নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত জেমুয়া এলাকায়। পঞ্চায়েত অফিসের মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে পরপর আটটি আলমারি ভেঙে চুরির অভিযোগ উঠেছে। ওই আলমারিগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র রাখা ছিল বলে জানা গিয়েছে।
পঞ্চায়েত সূত্রে খবর, শুক্রবার সকালে পঞ্চায়েত সেক্রেটারি আশিস কুমার শ অফিস খুলতে এসে দেখেন মূল দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে ঢুকে তিনি দেখেন, পরপর আটটি আলমারির দরজা ও তালা ভাঙা এবং সমস্ত কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এই আলমারিগুলিতেই একাধিক সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত থাকত।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউনশিপ থানার পুলিশ। অন্যদিকে, সরকারি প্রকল্পের নথি রাখা আলমারি ভাঙার খবর ছড়িয়ে পড়তেই পঞ্চায়েত অফিসের বাইরে ভিড় জমান স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। ঠিক কী কী নথি বা সামগ্রী খোয়া গিয়েছে এবং এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।