নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গাড়ি চুরির অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিনরাজ্য বিহারের অরঙ্গবাদ থেকে চুরি যাওয়া টাটা সুমো গাড়িটি উদ্ধার করল দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনার বাসিন্দা মনোজ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই দ্রুত তৎপরতায় স্বস্তি ফিরেছে গাড়ির মালিকের পরিবারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোক ওভেন থানার রাতুরিয়া হাউসিং কলোনির বাসিন্দা রমেশ কুমার সিং গত ১৮ নভেম্বর দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কল্পনা পেট্রোল পাম্পের সামনে তাঁর টাটা সুমো গাড়িটি রেখে বাড়িতে খেতে গিয়েছিলেন। ফিরে এসে গাড়িটি দেখতে না পেয়ে এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর কোনো হদিস না মেলায় ১৯ নভেম্বর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই থানার আধিকারিক অঞ্জন মণ্ডলের নির্দেশে এএসআই সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে তড়িঘড়ি বিহারের অরঙ্গবাদে অভিযান চালিয়ে চুরি যাওয়া গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই আন্তঃরাজ্য গাড়ি চুরি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।