সংবাদদাতা,আসানসোলঃ- বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ছবি ও পোস্টার অপমানের অভিযোগে গ্রেফতার হওয়া আসানসোলের কংগ্রেস নেতা অরূপ মুখোপাধ্যায় বুধবার জামিন পেলেন। চার দিন জেল হেফাজতে থাকার পর এদিন তিনি মুক্ত হতেই জেলের প্রধান ফটকের বাইরে কংগ্রেস কর্মীরা তাঁকে ফুলের মালা পরিয়ে ও স্লোগান দিয়ে জোরালো সংবর্ধনা জানান। এই কর্মসূচিতে দলের নেতা শাহ আলম, বিশ্বনাথ যাদব-সহ একাধিক পদাধিকারী উপস্থিত ছিলেন। জেল থেকে বেরিয়ে অরূপ মুখোপাধ্যায় নিজের গ্রেফতারি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, "পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে কার্যত ধ্বংস করা হচ্ছে।"
প্রসঙ্গত, হাওড়ার একটি ধর্মীয় সভায় ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দুর্গাপুজোয় মাছ-মাংস খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং বাঙালিদের 'পাখণ্ডী' (অপবিত্র) বলে ভর্ৎসনা করেন। এর প্রতিবাদে আসানসোলে শাস্ত্রীর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ওই ঘটনার প্রেক্ষিতে বিজেপি যুব মোর্চার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অরূপ মুখোপাধ্যায়কে তাঁর মহিশীলা কলোনির বাড়ি থেকে গ্রেফতার করেছিল।