সংবাদদাতা,আসানসোলঃ- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতায় বুধবার ভোরে ফের উত্তপ্ত হয়ে উঠল রানিগঞ্জ খনি অঞ্চল। অন্ডালের সিএল জামবাদ এলাকায় দিলীপ তুরি নামে এক ব্যবসায়ীর বাড়িতে আকস্মিক হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার ভোর হতেই কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ) পরিবেষ্টিত হয়ে তদন্তকারী দলের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিলীপ তুরি এলাকার এক জাতীয় কংগ্রেস নেতা এবং একটি এনজিওর সাথে যুক্ত। এর পাশাপাশি ইসিএল -এর বিভিন্ন কোলিয়ারি ও খোলামুখ খনিতে টেন্ডারের মাধ্যমে অ্যাম্বুল্যান্স ও অন্যান্য চার চাকার গাড়ি সরবরাহের ব্যবসার সাথেও তিনি ওতপ্রোতভাবে জড়িত। এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও অ্যাম্বুল্যান্স এনে ইসিএলের বিভিন্ন এলাকায় টেন্ডারের মাধ্যমে তিনি পরিষেবা দিতেন বলে জানা গেছে।
তবে ঠিক কোন মামলার তদন্তে বা ঠিক কী কারণে তাঁর বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সেই বিষয়ে ইডি-র আধিকারিকদের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।