এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে বড়সড় রদবদল ঘটাল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকজন সিনিয়র আইএএস আধিকারিককে নতুন দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। বিদ্যুৎ নিগম থেকে শুরু করে সুন্দরবন ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে এই পরিবর্তন আনা হয়েছে।
একনজরে আইএএস আধিকারিকদের নতুন দায়িত্ব:-
মুক্তা আর্য (IAS: 2008), সুন্দরবন বিষয়ক বিভাগের সচিব পদ থেকে তাঁকে সরিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (WBPDCL)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে নিয়োগ করা হয়েছে।
শশাঙ্ক শেঠি (IAS: 2010), তিনি এতদিন নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের (NSATI) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন। তাঁকে এবার সুন্দরবন বিষয়ক বিভাগের নতুন সচিব পদের দায়িত্ব দেওয়া হলো।
অরবিন্দ কুমার মিনা (IAS: 2010), সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (MA & ME Department) সচিব পদ থেকে সরিয়ে তাঁকে আদিবাসী উন্নয়ন বিভাগের (Tribal Development Department) সচিব পদে বদলি করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, এটি একটি রুটিন প্রশাসনিক প্রক্রিয়া হলেও উৎসবের মরসুমের মুখে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন দায়িত্ব পাওয়া আধিকারিকরা দ্রুত নিজ নিজ দপ্তরের কার্যভার গ্রহণ করবেন বলে জানা গেছে।