সন্তোষ কুমার মণ্ডলঃ- ছটপুজোর ঘাটে চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের লিঙ্ক পার্ক এলাকায়। অভিযোগ, ৫০০ টাকা চাঁদা দাবি করা হলেও এক ব্যক্তি ৩০০ টাকা দিতে রাজি হওয়ায় বচসার সূত্রপাত হয়। সেই বচসা থেকেই তুমুল মারধর এবং পরে একটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছটপুজোর ঘাটের জন্য কুপন বিলি করে চাঁদা সংগ্রহ করছিলেন পূজা কমিটির সদস্য দীনেশ বারনওয়াল, মুকেশ সিং, সুরজ বারনওয়ালসহ অন্যান্যরা। অভিযোগ, প্রতিটি ডালার জন্য ৫০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছিল। সেই সময় মনীশ মোদী নামে এক ব্যক্তি ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা দিতে চান। এই নিয়েই কমিটির সদস্যদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ উঠেছে, কমিটির সদস্যরা মনীশ মোদী ও তাঁর তিন ভাইকে বেধড়ক মারধর করেন। এমনকী দুই পক্ষের গন্ডগোলে পরিবারের মহিলারাও জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, মারধরের এই ঘটনার পর ক্ষুব্ধ লোকজন এলাকার একটি দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। গোলমালের সময় কমিটির সদস্য সুরজ বারনওয়াল মাথায় গুরুতর আঘাত পান এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ আশীষ কুমার মোদী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।