নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: বাড়িতে বা জমিতে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার টাওয়ার বসানোর নামে মোটা টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশজুড়ে সাইবার প্রতারণা চালানোর একটি বড়সড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ। দুর্গাপুরের বেনাচিতি এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তিন যুবতী-সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যুবক-যুবতীরাও যুক্ত ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা দীর্ঘদিন ধরে বেনাচিতির ওই ভাড়া বাড়িটিকে অফিস হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। টাওয়ার বসানোর লোভনীয় প্রস্তাব দিয়ে প্রথমে বাড়ি বা জমির মালিকদের ফাঁদে ফেলা হতো। এরপর প্রক্রিয়াগত বা অন্যান্য খরচের বিভিন্ন অজুহাত দেখিয়ে লক্ষ্যবস্তু করা ব্যক্তিদের মোবাইল ফোনে ওটিপি পাঠানো হতো। সেই ওটিপি হাতিয়ে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকেরা মোটা অঙ্কের টাকা নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে ফেলত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সম্প্রতি এই ধরনের প্রতারণার গতিবিধি সম্পর্কে রাজ্য পুলিশের সাইবার বিভাগের কাছ থেকে গোপন সূত্রে নির্দিষ্ট তথ্য পায় স্থানীয় প্রশাসন। এরপর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেল এবং দুর্গাপুরের এ-জোন ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে দুর্গাপুর থানার পুলিশ ওই ভাড়া বাড়িতে একটি যৌথ ও ঝটিকা অভিযান চালায়।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে ৩ জন যুবতী ও ৪ জন যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়াও ওই অফিস থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক নকল পরিচয়পত্র , প্রচুর পরিমাণে সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ, ল্যান ফোন-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
এই চক্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের সনাক্ত করতে এবং হাতিয়ে নেওয়া টাকার হদিশ পেতে ধৃতদের হেফাজতে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ।