নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শপিংমলে আচমকা আগুন লাগলে তা কতটা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব, তা কাগজে-কলমে নয়, এবার সরাসরি আগুন জ্বালিয়ে পরীক্ষা করল দমকল বিভাগ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি নামী বহুজাতিক শপিংমলে দমকলের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই বিশেষ ফায়ার সেফটি মক ড্রিল বা যৌথ মহড়া চালানো হয়।
দিনভর যেখানে মাল্টিপ্লেক্স, নামী ব্র্যান্ডের শোরুম ও রেস্তোরাঁয় হাজার হাজার মানুষের ভিড় থাকে, সেখানে জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর, তা যাচাই করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। দমকল আধিকারিকরা কেবল নথিপত্র দেখেই ক্ষান্ত হননি, শপিংমলের ভেতর কৃত্রিম আগুন জ্বালিয়ে পরীক্ষা করেন যে আপৎকালীন ওয়াটার স্প্রিংকলার এবং অ্যালার্ম সিস্টেম ঠিক সময়ে সক্রিয় হচ্ছে কি না। এছাড়া জরুরি নির্গমন পথ, লিফট এবং অগ্নিপ্রতিরোধক সরঞ্জামের কার্যকারিতাও খুঁটিয়ে দেখা হয়।
দুর্গাপুর দমকল বিভাগের স্টেশন অফিসার মনোজ কুমার দাস জানান, “অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের তুলনায় এই শপিংমলে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ও আধুনিক ব্যবস্থা রয়েছে। একাধিক প্রবেশ ও প্রস্থান পথ, লিফট, স্প্রিংকলার সহ যাবতীয় সরঞ্জাম সচল রয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার মতো পরিকাঠামো এখানে মজুত রয়েছে।”
বিপদ আসার অপেক্ষা না করে, উৎসবের মরসুমের আগে দমকলের এই আগাম তৎপরতা ও বাস্তবসম্মত পরীক্ষা সাধারণ মানুষের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।