নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জির ওষুধের দোকানে হামলা, বাড়ি ঘেরাও এবং এক অনুগামীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ধ্রুবজ্যোতিবাবু বেশ কিছুদিন ধরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধি সহ নানা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরেও (PMO) চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
এরই মধ্যে মঙ্গলবার রাতে বেনাচিতি এলাকায় ধ্রুবজ্যোতিবাবুর ওষুধের হোলসেল দোকানে জনা পঞ্চাশের একটি দল ঘেরাও করে এবং কর্মচারীদের বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দেয়। বিক্ষোভকারীরা নিজেদের স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থক বলে পরিচয় দেন। তাদের পক্ষে সঞ্জয় গুহ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই দোকান থেকে নকল ওষুধ বিক্রি করা হচ্ছিল, যার ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। প্রশাসনের মধ্যস্থতা ছাড়াই দোকানে তালা লাগানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, স্থানীয়দের ক্ষোভের কারণেই এই পদক্ষেপ এবং দোকানের চাবি থানায় জমা দেওয়া হবে।
অন্যদিকে, ধ্রুবজ্যোতি মুখার্জি এই হামলার জন্য সরাসরি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের অনুগামীদের দায়ী করেছেন। তাঁর দাবি, হামলাকারীরা সাধারণ বিজেপি সমর্থক নন, বরং বিধায়কের ভাড়া করা গুণ্ডা। যদিও এই ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী এবং রাজনৈতিক বিরোধের বাইরে এর সাথে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।