সংবাদদাতা,দুর্গাপুরঃ- উৎসবের মরশুমে শিল্পাঞ্চল দুর্গাপুরে বেপরোয়া গতি, অসতর্কতা এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে পথদুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তৎপর প্রশাসন। দুর্ঘটনা প্রতিরোধে এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। এর পাশাপাশি পানাগড় বাজার এলাকাতেও অনুরূপ একটি পদযাত্রার মাধ্যমে পথচলতি মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়েছে।
দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রায় নেতৃত্ব দেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক চিন্ময় মণ্ডল এবং সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক অনন্ত রায়। পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও নিয়মাবলী সর্বসাধারণের সামনে তুলে ধরা।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের সময়ে রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধির পাশাপাশি চালক ও বাইক আরোহীদের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন যাতায়াত এবং ট্রাফিক সিগন্যাল অমান্য করার প্রবণতা দেখা যায়। বিশেষ করে জাতীয় সড়ক ও শহরের ব্যস্ত সংযোগকারী রাস্তাগুলিতে এই ধরনের অসতর্কতা বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দুর্ঘটনা-পরবর্তী আইনি পদক্ষেপের পাশাপাশি দুর্ঘটনা এড়াতে আগাম জনসচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দিচ্ছে পুলিশ কমিশনারেট।