নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ক্রীড়াজগতে ফের উজ্জ্বল হতে চলেছে শিল্পশহর দুর্গাপুরের নাম। আগামী ৩রা ডিসেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত পাঞ্জাবের অমৃতসরে অনুষ্ঠিত হতে চলেছে মর্যাদাপূর্ণ অনূর্ধ্ব-১৯ সাব-জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৬। বিশ্বমানের এই মেগা টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেয়েছেন দুর্গাপুরের অত্যন্ত প্রতিভাবান ক্রীড়াবিদ দেবস্মিতা পাত্র।
দেবস্মিতার এই অভাবনীয় সাফল্যের খবর পেয়ে রবিবার বিকেলে তাঁর উৎসাহ ও মনোবল বাড়াতে দুর্গাপুরের বাসভবনে হাজির হন বিশিষ্ট ব্যক্তিত্বরা। স্থানীয় বিধায়ক লক্ষণ ঘোড়ুই, বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলী এবং মহিলা নেত্রী মনীষা শিকদার দেবস্মিতার বাড়িতে গিয়ে তাঁকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।
বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেবস্মিতা পাত্র জানান, "রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য পাওয়ার পর বিশ্বমানের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া আমার কাছে এক মস্ত বড় সুযোগ এবং চ্যালেঞ্জ। নিজের সেরাটা দিয়ে দেশের জন্য পদক আনাই এখন আমার একমাত্র লক্ষ্য।"
অন্যদিকে, দেবস্মিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তিনি বলেন, "দুর্গাপুরের মতো শিল্পশহরের মাটি থেকে উঠে এসে দেবস্মিতা আজ বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁর এই স্বপ্নপূরণের যাত্রায় সব রকম সহযোগিতা ও পরিকাঠামোগত সহায়তার আশ্বাস আমরা দিচ্ছি। আমরা আশাবাদী, অমৃতসরের মাটিতে ও ভারতের তেরঙা পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।"
খেলাধুলার দুনিয়ায় দুর্গাপুরের মেয়ে দেবস্মিতার এই জয়যাত্রা এলাকার তরুণ সমাজ ও ভবিষ্যৎ ক্রীড়াবিদদের জন্য এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে মনে করছেন ক্রীড়ামোদী মহল।