সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- নেশাসক্ত ছেলের অস্বাভাবিক আচরণ এবং প্রাণহানির আশঙ্কায় শেষ পর্যন্ত ছেলেকে দড়ি ও টায়ারের টিউব দিয়ে ভ্যানে বেঁধে দুর্গাপুর থানায় নিয়ে হাজির হলেন এক অসহায় বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পাওয়ার হাউস বস্তি এলাকায়। পেশায় ভ্যানচালক সুনীল সাহার এই করুণ পদক্ষেপকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সুনীল সাহার ২১ বছর বয়সি ছেলে কানহাইয়া সাহা গত ১৫ নভেম্বর ছটপুজোর রাত থেকেই চরম অস্বাভাবিক আচরণ শুরু করেন। পরিবারের আশঙ্কা নেশাজনিত কারণেই এই পরিস্থিতি। যদিও ওই যুবক কী ধরনের নেশা করেছেন তা পরিবারের কারও জানা নেই। ছেলের এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন বাবা। অন্যদিকে, দিনমজুর বাবার পক্ষে আর্থিক অনটনের কারণে ছেলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোও সম্ভব নয়।
ছেলের উন্মত্ত ও অস্বাভাবিক আচরণের জেরে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা বা আত্মহানির আশঙ্কা করছিলেন সুনীলবাবু। নিরুপায় হয়েই এদিন ছেলেকে নিজের ভ্যানে বেঁধে সরাসরি দুর্গাপুর থানায় হাজির হন তিনি। অসহায় বাবার কাতর আবেদন, প্রশাসন যেন তাঁর ছেলের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে এবং ছেলের কোনো অঘটন ঘটলে তার দায় যেন পরিবারের ওপর না বর্তায়।