নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের ক্রমবর্ধমান সম্ভাবনা এবং ৯০ বিলিয়ন ডলারের এই খাতে রাজ্যের অবদান তুলে ধরতে দুর্গাপুরে একটি বিশেষ শিল্প সংযোগ কর্মসূচির (Industry Buyers Outreach) আয়োজন করল ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (IEEMA)। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল রাজ্যের শিল্পাঞ্চলগুলির সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং আসন্ন ‘ইলেকট্রামা ২০২৭’-এর ১৭তম সংস্করণ নিয়ে শিল্প মহলে প্রত্যাশা তৈরি করা।
আইইইএমএ সূত্রে জানা গিয়েছে, আগামী ২০২৭ সালের ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক প্রদর্শনী ‘ইলেকট্রামা ২০২৭’ অনুষ্ঠিত হতে চলেছে। ‘হারনেসিং দ্য পাওয়ার অফ আই’ থিমের ওপর ভিত্তি করে আয়োজিত এই প্রদর্শনীতে ১,২০০-র বেশি প্রদর্শক এবং জার্মানি, জাপান, আমেরিকা ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের ১,০০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ইলেকট্রামার ইন্ডাস্ট্রি বায়ার আউটরিচ কমিটির চেয়ারম্যান তথা ইয়াসন এমআর ট্যাপ চেঞ্জার্স প্রাইভেট লিমিটেডের সিইও আর. প্রকাশ বলেন, ‘‘ক্রমবর্ধমান চাহিদা, উন্নত প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তির কারণে ভারতের বিদ্যুৎ খাত দ্রুত রূপান্তরিত হচ্ছে। ইলেকট্রামা এমন একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে শিল্প নেতারা ধারণা বিনিময় ও উদ্ভাবন প্রদর্শনের মাধ্যমে বৈশ্বিক বিদ্যুৎ শিল্পে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবেন।’’