সংবাদদাতা,আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের সালানপুর থানা এলাকার কল্যা পঞ্চায়েতের কালিসাকো গ্রামে সরকারি রেজিস্ট্রেশনভুক্ত একটি জনকল্যাণমূলক ক্লাব জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠল এলাকারই প্রভাবশালী বিজেপি নেতা বাদল পাতর ও তাঁর কয়েকজন অনুগামীর বিরুদ্ধে। এই বেআইনি দখলের প্রতিবাদে এবং ক্লাব পুনরুদ্ধারের দাবিতে মঙ্গলবার ‘রয়েল ক্লাব’-এর সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালিসাকো গ্রামের এই সরকারি নথিভুক্ত ক্লাবটি ‘ষোলো আনার’ অর্থাৎ গোটা গ্রামের সম্পত্তি, কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। কিন্তু রাজ্যে পালাবদলের পর থেকেই বিজেপি নেতা বাদল পাতর ও তাঁর অনুগামীরা জোরপূর্বক ক্লাবটি দখল করে রেখেছেন। তারপর থেকে গ্রামে কোনো পুজো-পার্বণ, খেলাধুলো বা সমাজসেবামূলক কাজের জন্য ক্লাবের চাবি চাওয়া হলে তা দেওয়া হয় না। অবশেষে এদিন ক্ষোভে ফেটে পড়ে একত্রিত হয়ে ক্লাবের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
বিক্ষোভ চলাকালীন গ্রামবাসীরা আরও গুরুতর অভিযোগ তোলেন। তাঁদের দাবি, ক্লাবের ভেতরে থাকা টেলিভিশন ভাঙচুর করা হয়েছে এবং একটি ফ্রিজও উধাও হয়ে গিয়েছে। পাশাপাশি, ক্লাব ঘরের ভেতরে একগুচ্ছ লাঠি মজুত করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, এই ক্লাব কোনো রাজনৈতিক দলের নয়, এটি গ্রামের মানুষের প্রতিষ্ঠান, তাই এখানে কোনোভাবেই রাজনীতির অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না।
খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দু’পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।