নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতি বছরের মতো এবারও দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের জন্য বড় চমক নিয়ে হাজির হচ্ছে মার্কনী দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। চলতি বছর এই পুজো ৬৩তম বর্ষে পদার্পণ করল। এবারের উৎসবের মূল আকর্ষণ হলো আবুধাবির বিখ্যাত শ্যামনারায়ণ মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ। বিগত উল্টো রথের দিন থেকেই শুরু হয়ে গিয়েছে মণ্ডপ নির্মাণের কাজ। পুজো কমিটির কর্মকর্তাদের দাবি, মণ্ডপের গায়ে ফুটিয়ে তোলা নানা সূক্ষ্ম কারুকার্য ও স্থাপত্যশৈলী এবার দর্শনার্থীদের বিশেষভাবে নজর কাড়বে। এবারের পুজোর মোট বাজেট আনুমানিক ৩৫ লক্ষ টাকা।মণ্ডপ আধুনিক হলেও দেবী প্রতিমা তৈরি হচ্ছে সম্পূর্ণ সাবেকি রীতি মেনে।
আগামী ১৩ অক্টোবর পুজোর উদ্বোধন হবে। উদ্বোধনী সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-খ্যাত প্রখ্যাত সঙ্গীতশিল্পী দীপ চট্টোপাধ্যায়। তাঁর সুরের মূর্ছনায় উদ্বোধনী সন্ধ্যায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিল্পনগরী দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের এই পুজো প্রতি বছরই নতুন কোনো ভাবনা নিয়ে দর্শনার্থীদের তাক লাগিয়ে দেয়। এবার মরুর দেশের বিখ্যাত মন্দিরের আদলে তৈরি মানুষের মন জয় করবে বলে আশা উদ্যোক্তাদের।