এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্যের যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে এল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তি এবং প্রথমবারের ভোটারদের তালিকাভুক্ত করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে 'কন্টিনিউয়াস আপডেট' বা ধারাবাহিক সংশোধনের প্রক্রিয়ার আওতায় এই বিশেষ অভিযান শুরু হয়েছে।
গত ৭ অক্টোবর, ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী একটি প্রেস নোটের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন। কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও যোগ্য ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না থাকেন, সেটিই এই অভিযানের মূল লক্ষ্য। এখনও ভোটার তালিকায় নাম ওঠেনি এমন কোনও যোগ্য নাগরিক অথবা কোনও কারণে তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তি যে কোনও সময় নাম নথিভুক্ত করার আবেদন করতে পারবেন।
এই কাজের জন্য প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষদের কাছে পৌঁছাতে রাতের আশ্রয়কেন্দ্র শ্রমিক কলোনি এবং গৃহহীনদের বসবাসের এলাকায় এই বিশেষ সচেতনতা শিবির ও আবেদন গ্রহণ প্রক্রিয়া চালানো হবে।
নতুন এবং তরুণ ভোটারদের আকর্ষিত করতে স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ প্রচার চালানো হবে। এর পাশাপাশি স্থানীয় স্তরে প্রচার, ভোটার সচেতনতা মূলক 'সুইপ' কর্মসূচি, নিয়মিত প্রেস ব্রিফিং এবং বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে আমজনতার কাছে এই বার্তা পৌঁছে দেবে কমিশন। যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ ও অধিকার সম্পর্কে সচেতন করতেই সিইও দফতর এই কোমর বেঁধে ময়দানে নেমেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।