সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দীর্ঘদিনের বেহাল দশা কাটিয়ে অবশেষে সংস্কার হতে চলেছে দুর্গাপুরের এমএমসি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা। বড় বড় খানাখন্দ এবং ভাঙাচোরা রাস্তার কারণে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। এলাকার মানুষের দীর্ঘদিনের সেই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তা সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই এই উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হয়।
অনুষ্ঠানে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “বর্তমান সরকার মানুষের উন্নয়নের জন্য বদ্ধপরিকর। যেসব রাস্তা ভেঙে গেছে, সেগুলি দ্রুত সংস্কার করা হচ্ছে। এছাড়াও সাধারণ মানুষের যা সমস্যা রয়েছে, তা শুনে সমাধানের চেষ্টা চলছে এবং উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে।” ৪৪ লক্ষ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ সম্পূর্ণ হলে এমএমসি এলাকার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা অনেকটাই মসৃণ হবে বলে আশাবাদী প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।