এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- বকেয়া মোটরযান করের বোঝা কমাতে গাড়ির মালিকদের জন্য বড়সড় আর্থিক ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। বকেয়া করের সম্পূর্ণ টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিলে জরিমানার পুরো অর্থই মকুব করা হবে। শুধু তাই নয়, মেয়াদ পেরিয়ে যাওয়া গাড়ির ফিটনেস সার্টিফিকেট (সিএফ) নবীকরণের ক্ষেত্রেও অতিরিক্ত ফি-তে বিশেষ ছাড় মিলবে। পরিবহণ ও অ-পরিবহণ—দু’ধরনের গাড়ির মালিকেরাই এই সুবিধা পাবেন।
সোমবার, ২৩ নভেম্বর পরিবহণ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে ‘এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭’-এর কথা জানানো হয়েছে। অর্থ দফতরের অনুমোদনক্রমে চালু হওয়া এই প্রকল্প বিজ্ঞপ্তি জারির দিন থেকেই কার্যকর হয়েছে। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলে হাতে সময় রয়েছে মাত্র ৩৮ দিন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া মোটরযান করের সম্পূর্ণ অর্থ জমা দিলে কর বকেয়া থাকার কারণে ওই দিন পর্যন্ত যে জরিমানা জমেছে, তার ১০০ শতাংশই ছাড় দেওয়া হবে। অর্থাৎ মূল কর মিটিয়ে দিলেই জরিমানার কোনও টাকা দিতে হবে না।
ফিটনেস সার্টিফিকেট নবীকরণের ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে নির্ধারিত নিয়মে ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার পর প্রতিদিন ৫০ টাকা করে অতিরিক্ত ফি দিতে হয়। নতুন প্রকল্পে সেই ফি-র ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৩০ দিনের কম বিলম্ব হলে প্রতিদিন ৫০ টাকা দিতে হবে। আর বিলম্বের সময়সীমা ৩০ দিন বা তার বেশি হলে অতিরিক্ত ফি বাবদ এককালীন ১,৫০০ টাকা দিলেই হবে। এই সুবিধা পেতে ৩১ ডিসেম্বরের মধ্যে ফিটনেস সার্টিফিকেট নবীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
তবে শুধু আবেদন করলেই এই ছাড় মিলবে না। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট গাড়ির সমস্ত প্রযোজ্য কর ও ফি ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। একই সঙ্গে ফিটনেস সার্টিফিকেট নবীকরণের প্রক্রিয়াও ওই সময়সীমার মধ্যে শেষ করতে হবে।
প্রকল্প কার্যকর করতে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে পরিবহণ দফতর। ছাড়ের সুবিধা যাতে অনলাইনে পাওয়া যায়, সে জন্য ‘বাহন’ সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত আরটিও এবং এআরটিও অফিসকেও এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পরিবহণ দফতরের বক্তব্য, একদিকে গাড়ির মালিকদের আর্থিক বোঝা কমানো, অন্যদিকে বকেয়া কর আদায় এবং মেয়াদোত্তীর্ণ নথি নবীকরণে উৎসাহ দিতেই এই উদ্যোগ। নির্ধারিত সময়ের মধ্যে কর ও ফি জমা দিয়ে এই সুযোগ নেওয়ার জন্য গাড়ির মালিকদের আবেদন জানিয়েছে দফতর।