সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বহুজাতিক শপিংমলের পার্শ্ববর্তী মাল্টিপ্লেক্সের ফুড কাউন্টার থেকে পচা ও দুর্গন্ধযুক্ত প্যাটিস বিক্রির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। রবিবার উক্ত সিনেমা হলে ছবি দেখতে গিয়ে মিন্টু মুখার্জি নামের এক দর্শক কাউন্টার থেকে একটি প্যাটিস কেনেন। খাওয়ার সময় খাবারটি থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় তিনি বিষয়টি তৎক্ষণাৎ কাউন্টার কর্মীদের জানান। কর্মীরা খাবারটি বদলে দেওয়ার প্রস্তাব দিলেও মাল্টিপ্লেক্সের মতো প্রথম সারির বিনোদনস্থলে খাদ্যের গুণমান ও উপভোক্তা সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন ওই ক্রেতা।
এই ঘটনার প্রেক্ষিতে খাবার বদলে নেওয়ার পথে না হেঁটে মিন্টু মুখার্জি সরাসরি আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। মাল্টিপ্লেক্সের ভেতরে এই ধরনের বাসি-পচা খাবার বিক্রির জেরে ক্রেতাদের স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেই প্রশ্ন তুলে তিনি সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই সাথে সম্পূর্ণ বিষয়টি বিশদভাবে জানিয়ে রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরেরও দ্বারস্থ হয়েছেন তিনি।
অভিযোগকারীর দাবি, ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা আকস্মিক অভিযান চালানো হয়নি। এর ফলে পরবর্তী সময়ে তদন্তকারী আধিকারিকরা পরিদর্শনে গেলে কাউন্টারে আর সেই নিম্নমানের খাবার নাও মিলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ ও শিশুদের স্বাস্থ্যের অধিকার এভাবে বিঘ্নিত না হয়, তার জন্য খাদ্য সুরক্ষা দপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসনকে নিয়মিত নজরদারি চালানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতা।