নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শনিবার সাতসকালে গৃহস্থের বাড়ির দোরগোড়ায় এক অজ্ঞাতপরিচয় অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা গোপীনাথপুর গ্রামের তাঁতিপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ সিকিউরিটি গার্ডের কাজ সেরে বাড়ি ফেরেন ওই এলাকার বাসিন্দা শম্ভুনাথ ঘোষ। বাড়িতে ঢোকার মুখেই তিনি দরজার সামনে মহিলাটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তড়িঘড়ি খবর দেওয়া হলে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন স্থানীয় বিজেপি নেতৃত্বও।
গভীর রাতে বা ভোরের দিকে কে বা কারা ওই মহিলার দেহ এখানে ফেলে রেখে গেল, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং মৃতার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।