সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বদলি করিয়ে দেওয়ার নাম করে এক খনি কর্মীর থেকে ঘুষ নেওয়ার অভিযোগে পাণ্ডবেশ্বরের দক্ষিণ শ্যামলা কোলিয়ারির ইসিএল কর্মী তথা তৃণমূলের এক প্রভাবশালী শ্রমিক নেতাকে হাতেনাতে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম শঙ্করলাল হরিজন । বৃহস্পতিবার তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
স্থানীয় ও ইসিএল কর্মীদের একাংশের অভিযোগ, কর্মক্ষেত্রে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরেই টাকা তুলতেন ওই শ্রমিক নেতা । সম্প্রতি, খনির ভেতরে কাজ করতে অক্ষম এক অসুস্থ কর্মীকে সুবিধাজনক জায়গায় বদলি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই তদন্তকারীরা সাউথ শ্যামলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে পাকড়াও করেন।
গ্রেফতারির পর সিবিআই আধিকারিকরা ধৃত নেতার কোলিয়ারি দফতর এবং তাঁর বাসভবনেও তল্লাশি চালান । সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে । এই চক্রের সাথে কোলিয়ারির অন্য কোনো আধিকারিক বা বড় কোনো মাথা জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করেছে সিবিআই । এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র পাণ্ডবেশ্বর শিল্পাঞ্চলে তীব্র রাজনৈতিক ও সামাজিক চাঞ্চল্য ছড়িয়েছে।