এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- নতুন পাঁচটি স্বাস্থ্য জেলার প্রশাসনিক পরিকাঠামো ঢেলে সাজাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। নন্দীগ্রাম, ডায়মন্ড হারবার, রামপুরহাট, বসিরহাট এবং বিষ্ণুপুর—এই পাঁচ স্বাস্থ্য জেলার জন্য মোট ২৫টি স্থায়ী পদ তৈরির অনুমোদন দেওয়া হল। শুক্রবার, ২০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের অধীন আয়ুষ দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রতিটি স্বাস্থ্য জেলার জন্য পাঁচটি করে স্থায়ী পদ তৈরি করা হবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি স্বাস্থ্য জেলায় একজন করে জেলা মেডিক্যাল অফিসার (আয়ুষ), একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং দু’জন গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য পদ তৈরি করা হয়েছে। অর্থাৎ, পাঁচটি স্বাস্থ্য জেলা মিলিয়ে জেলা মেডিক্যাল অফিসার (আয়ুষ) পদে পাঁচটি, অ্যাকাউন্ট্যান্ট পদে পাঁচটি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচটি এবং গ্রুপ-ডি পদে ১০টি—সব মিলিয়ে ২৫টি স্থায়ী পদ তৈরি হচ্ছে।
প্রশাসনিক সূত্রে এই সিদ্ধান্তকে নতুন স্বাস্থ্য জেলাগুলির পরিকাঠামো শক্তিশালী করার পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। স্বাস্থ্য জেলার দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম, হিসাবরক্ষণ এবং দফতরের পরিষেবা পরিচালনায় প্রয়োজনীয় কর্মী কাঠামো গড়ে তোলাই এই সিদ্ধান্তের লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ দফতরের সম্মতি এবং মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতেই এই পদ সৃষ্টির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অর্থ দফতরের সম্মতি মিলেছিল ২৯ সেপ্টেম্বর। পরে ২৯ অক্টোবর মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যায়। সেই অনুমোদনের ভিত্তিতেই ২০ নভেম্বর রাজ্যপালের সম্মতিক্রমে বিজ্ঞপ্তি জারি করেছে আয়ুষ দফতর।
নতুন পাঁচ স্বাস্থ্য জেলায় স্থায়ী পদ তৈরির এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনিক কাজকর্মে গতি আসবে বলে মনে করা হচ্ছে।