সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত মেলিয়াকোলা রাস্তায় রবিবার সকালে একটি দ্রুতগতির চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি প্রথমে রাস্তার পাশে থাকা রেলের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে এবং ভারসাম্য হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা পাঁচ যুবক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গাড়িটি মেলিয়াকোলা রাস্তা ধরে জাতীয় সড়কের অভিমুখে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। রেলের লোহার খুঁটিতে ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে খুঁটিটি বেঁকে যায়। স্থানীয় সূত্রে অভিযোগ, গাড়িতে থাকা পাঁচ যুবকই দুর্ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। আহতদের মধ্যে লছিপুর খাটালের বাসিন্দা প্রেম সাউ নামে এক যুবকের পরিচয় জানা গিয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় দুই বাসিন্দা দ্রুত পুকুরে নেমে গাড়ি থেকে পাঁচ যুবককে উদ্ধার করেন। জখমদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।