এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজনৈতিক তরজা এ বার আইনি লড়াইয়ের দোরগোড়ায়। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিস পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। আইনজীবী রুচিরা মান্নার মাধ্যমে এই নোটিস পাঠানো হয়েছে।
মুখ্যসচিবের দাবি, গত ৩ ও ৬ অক্টোবর সমাজমাধ্যম ‘এক্স’-এ মহুয়া মৈত্রের করা দু’টি পোস্টে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষমূলক ও মানহানিকর অভিযোগ তোলা হয়েছে। ৩ অক্টোবরের পোস্টে মহুয়া তাঁকে এসআইআরের অন্যতম রূপকার বলে ‘সব রকম বেআইনি কাজ’ করার অভিযোগ তোলেন এবং ‘বাঁচতে পারবেন না’ বলে মন্তব্য করেন। এরপর ৬ অক্টোবরের পোস্টে আগরওয়ালকে ‘ভোট চোর’ আখ্যা দিয়ে লক্ষ লক্ষ বাঙালি ভোটারকে বঞ্চিত করার জন্য একক ভাবে দায়ী করা হয়।
মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, তিনি তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নির্বাচন কমিশনের আইনি কাঠামোর মধ্যেই কাজ করেছেন এবং কোনো কারচুপিতে যুক্ত ছিলেন না। এই পোস্টগুলির বিপুল প্রচার তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনামের অপূরণীয় ক্ষতি করেছে।
নোটিসে জানানো হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত পোস্ট দু’টি মুছে ফেলতে হবে। নিঃশর্তভাবে অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং সেই ক্ষমাপ্রার্থনা অন্তত ৩০ দিন এক্স-এর পাতায় দৃশ্যমান রাখতে হবে।১০ কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি আইনি নোটিস পাঠানোর খরচ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার দাবিও জানানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলি পূরণ না হলে আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা-সহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হতে পারে।
উল্লেখ্য, মনোজ আগরওয়াল ২০২৫ সালের ২৮ মার্চ থেকে ২০২৬ সালের ১১ মে পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন এবং বর্তমানে তিনি রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে রয়েছেন। ভোটার তালিকা বিতর্ক নিয়ে এই আইনি পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।