সংবাদদাতা,মন্তেশ্বরঃ- মোটা মাইনের কাজের প্রলোভন দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত যুবকের নাম সুতাব ঘোষ,সে মন্তেশ্বরের মামুদপুর দুই নম্বর পঞ্চায়েতের হাজরাপুর মথুরা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতকে কালনা আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি এলাকারই এক বিবাহিত মহিলাকে কাজের প্রলোভন দিয়ে বেনারস ও মথুরায় নিয়ে যায় সুতাপ। সেখানে একটি হোটেলে রেখে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর মহিলা সমস্ত কিছু বুঝতে পেরে বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ভিন রাজ্য থেকে মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওই যুবকের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তৎপরতা দেখায় পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করে।