সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত ধান্ডাডিহ গ্রামে কোলিয়ারির জমিতে ভয়াবহ ধসের পাশাপাশি ভূগর্ভস্থ আগুন ও বিষাক্ত ধোঁয়ার জেরে চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত তিন দিন ধরে গ্রামের একটি অংশে মাটির তলা থেকে ক্রমাগত গলগল করে ধোঁয়া ও আগুন বেরোচ্ছে। সময় যত গড়াচ্ছে, ফাটল ও ধসের পরিধি বেড়ে পরিস্থিতি তত বিপজ্জনক হয়ে উঠছে।
অভিযোগ, ঘটনার তিন দিন পার হয়ে গেলেও ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষের কোনো আধিকারিক ঘটনাস্থল পরিদর্শনে আসেননি। এই প্রশাসনিক উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। ক্ষতিগ্রস্ত এলাকার ঠিক পাশেই রয়েছে জনবসতি। লাগাতার বিষাক্ত ধোঁয়া ও আগুনের তীব্রতা বাড়ায় আশপাশের বাড়িগুলির নিরাপত্তা এখন বড়সড় প্রশ্নের মুখে। যেকোনো মুহূর্তে ঘরবাড়ি ভেঙে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন ভুক্তভোগী পরিবারগুলি।
বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, "কোনো বড় দুর্ঘটনা ঘটে প্রাণহানি না হওয়া পর্যন্ত কি অপেক্ষা করছে প্রশাসন?" পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামবাসীরা অবিলম্বে বিপজ্জনক এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে, পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি বিশেষজ্ঞদের সাহায্যে এলাকার মাটির নীচের পরিস্থিতি পরীক্ষা করে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।