নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন পুরভোটে ভোটার সংখ্যার ভারসাম্য ও প্রশাসনিক সুবিধার লক্ষ্যে রাজ্য সরকার একাধিক বড় পুরনিগমের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমিধ্যেই রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে এবং রাজ্য নির্বাচন কমিশন ওয়ার্ড বিন্যাসের কাজ সম্পন্ন করেছে। এরই মধ্যে শনিবার দুর্গাপুর নগর নিগমের ওয়ার্ডের সংখ্যা বাড়ানো নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে। বৈঠকে ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি এবং তার সঙ্গে যুক্ত পুনর্বিন্যাসের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংখ্যা বৃদ্ধির বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন উজ্জ্বল মুখার্জি ও ধর্মেন্দ্র যাদব। বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত ও দলের মুখপাত্র সুমন্ত মণ্ডল। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ছিলেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী। সিপিএমের হয়ে বৈঠকে যোগ দেন বিশ্বরূপ চট্টোপাধ্যায় ও সিদ্ধার্থ বসু। এছাড়াও বহুজন সমাজ পার্টির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে প্রশাসনের তরফে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল এবং নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম।
কমিশন সূত্রে খবর, কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি ও কালিম্পং সহ প্রথম দফার পুরভোট আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে (সম্ভাব্য ২৭ ও ২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে পারে এবং ৭ ডিসেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।