নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যের অগ্নিনির্বাপণ ও উদ্ধার ব্যবস্থাকে আরও আধুনিক এবং গতিশীল করতে এক বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যজুড়ে মোট ২২৬টি নতুন অগ্নিনির্বাপণ ও উদ্ধারযান চালুর অংশ হিসেবে দুর্গাপুর সিটি সেন্টার ফায়ার স্টেশনে যুক্ত হলো দুটি নতুন ফায়ার টেন্ডার। এর মধ্যে একটি বড় এবং একটি ছোট আকারের যান রয়েছে। বৃহস্পতিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে এই নতুন যানগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দমকল বিভাগ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের জনবহুল এলাকা এবং অত্যন্ত সরু বা ঘিঞ্জি রাস্তাগুলিতে অগ্নিনির্বাপণের কাজকে আরও দ্রুত ও সহজ করতে ছোট গাড়িটি বিশেষভাবে ব্যবহার করা হবে। দুর্গাপুরে ইতিমধ্যেই অত্যাধুনিক হাইড্রোলিক ল্যাডার-সহ একাধিক আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম রয়েছে। এবার এই দুটি নতুন ফায়ার টেন্ডার যুক্ত হওয়ায় শিল্পশহরের দমকল পরিষেবার পরিকাঠামো ও সক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পেল।
মুখ্যমন্ত্রীর এই আধুনিকীকরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন সরঞ্জাম ও যান দুটি পরিদর্শন করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় দমকল আধিকারিকরা। বিধায়ক জানান, এই নতুন প্রযুক্তির যানগুলি যুক্ত হওয়ার ফলে দুর্গাপুর ও আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত ও নিপুণভাবে অগ্নিনির্বাপণ পরিষেবা দেওয়া সম্ভব হবে।