সংবাদদাতা,আসানসোলঃ- নিয়ামতপুর নিউ রোডে অতিরিক্ত মালবোঝাই একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এক মোটরবাইকের ওপর। এই ঘটনায় ওই মোটরবাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। সোমবার বরাকর থেকে আসানসোল যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার বেহাল দশা এবং প্রশাসনের নজরদারির অভাবকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আসানসোলগামী ওই অতিরিক্ত মালবোঝাই অটোটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাশে থাকা একটি বাইকের ওপর উল্টে যায়। অটোর নিচে বাইকটি সম্পূর্ণ চাপা পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকার্যে হাত লাগান। তাঁরা অটোর নিচ থেকে রক্তাক্ত অবস্থায় বাইক আরোহীকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসিন্দারা তৎপরতার সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। আহত আরোহীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের অভিযোগ, নিয়ামতপুর নিউ রোডের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেই গর্তগুলিতে জল জমে থাকায় চালকেরা রাস্তার গভীরতা বুঝতে পারেন না, যা প্রতিনিয়ত যাতায়াতকে বিপজ্জনক করে তুলছে। পাশাপাশি বেআইনিভাবে অতিরিক্ত মালবোঝাই করে অটো চলাচল করায় এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে গিয়েছে। অবিলম্বে এই রাস্তার দ্রুত সংস্কার এবং অতিরিক্ত মাল বহনের বিরুদ্ধে পুলিশি নজরদারির জোরালো দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।