নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মিড-ডে মিলের খাবারের গুণগত মান এবং পরিমাণ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বরের হরিপুর হিন্দি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে রান্নাঘরের প্রেসার কুকারে সামান্য পরিমাণ ডাল দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। বিধায়কের স্পষ্ট বক্তব্য, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও যে সামান্য পরিমাণ খাবার রান্না করা হয়েছে, তাতে পড়ুয়াদের পুষ্টি তো দূরের কথা, ২০ জন পড়ুয়ার পেট ভরানোও সম্ভব নয়।
জানা গিয়েছে, মিড-ডে মিলের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এদিন কোনো পূর্বঘোষণা ছাড়াই হরিপুর হিন্দি উচ্চ বিদ্যালয়ে হাজির হন বিধায়ক। সোজা রান্নাঘরে ঢুকে তিনি কর্মীদের কাছে জানতে চান প্রতিদিন ঠিক কতজন পড়ুয়া খাবার খায়। কর্মীরা প্রথমে ১০০ জন এবং পরক্ষণেই সংখ্যা বদলে ৩০ থেকে ৪০ জন পড়ুয়ার কথা জানালে বক্তব্যের এই অসঙ্গতিতে আরও ক্ষুব্ধ হন জিতেন্দ্র তিওয়ারি। কুকারের সামান্য ডাল দেখিয়ে তিনি প্রশ্ন তোলেন, ৩০-৪০ বা ১০০ জন পড়ুয়ার জন্য এই সামান্য খাবার কীভাবে পর্যাপ্ত হতে পারে?
এদিন কেবল রান্নার কর্মীদেরই নয়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও কড়া ভাষায় সতর্ক করেন বিধায়ক। তিনি বলেন, সরকার মিড-ডে মিলের বরাদ্দ এবং কর্মীদের বেতন বৃদ্ধি করলেও পড়ুয়াদের খাবারে কোনোভাবেই কারচুপি বা গাফিলতি বরদাস্ত করা হবে না। সরকারি প্রকল্পের সুবিধা যাতে সঠিকভাবে পড়ুয়াদের কাছে পৌঁছায়, সেই দায়িত্ব স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে এবং ভবিষ্যতে এমন অনিয়ম ধরা পড়লে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।