সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- রাজ্য জুড়ে চলা ‘খাদ্য নিরাপত্তা সপ্তাহ’-এর কড়া নজরদারির মাঝেই দুর্গাপুরের বেনাচিতি বাজারের স্টিল মার্কেটে এক খ্যাতনামা বেকারির দোকানে পচা খাবার বিক্রির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল। এ-জোন ফাঁড়ির পুলিশ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং ম্যানেজারকে থানায় তলব করেছে।
জানা গিয়েছে, গতকাল বিকেলে নেতাজি কলোনির বাসিন্দা লাল্টু দাস ওই নামী দোকান থেকে ৬৫ টাকা দিয়ে একটি চিকেন পিৎজা কেনেন। দোকান থেকে তা গরম করে প্যাক করে দেওয়া হয়। বাড়ি ফিরে তাঁর তিন বছরের মেয়ে পিৎজাটির কিছুটা অংশ খাওয়ার পর লাল্টুবাবু নিজে তা চেখে দেখেন। তখনই খাবারটি থেকে তীব্র পচা গন্ধ পান তিনি। খাবার অযোগ্য ওই পিৎজা বিক্রির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তিনি সরাসরি এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দোকানে কর্মরত কর্মীরাও পিৎজা থেকে পচা গন্ধ বেরোনোর কথা স্বীকার করে নেন। তবে তাঁদের দাবি, বাসি খাবার তাঁরা বিক্রি করেন না, উদ্বৃত্ত খাবার ফেরত পাঠানো হয়। এক্ষেত্রে হয়তো কোনওভাবে ভুল হয়ে গেছে।
বর্তমানে জেলা জুড়ে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য দফতরের বিশেষ অভিযান চলাকালীন দুর্গাপুরের এই বহু পুরনো ও বিশ্বস্ত ব্র্যান্ডের দোকানে এমন অস্বাস্থ্যকর খাবার মেলায় শহরবাসীর মনে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।