নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রাকৃতিক দুর্যোগের জেরে বিদ্যুৎ বিভ্রাট এবং জেনারেটর বিকল থাকার জোড়া ফলায় কার্যত অচল হয়ে পড়েছে দুর্গাপুরের প্রধান ডাকঘরের পরিষেবা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অচলাবস্থা বুধবারও জারি থাকায় চরম ক্ষোভ ও হয়রানির শিকার হয়েছেন শত শত গ্রাহক।
গ্রাহকদের অভিযোগ, বুধবারও বিদ্যুৎ না থাকায় ডাকঘরের কম্পিউটার ও অনলাইন সিস্টেম সম্পূর্ণ স্তব্ধ হয়ে রয়েছে। এর ফলে প্রবীণ নাগরিকদের পেনশনের টাকা তোলা, এমআইএস (MIS)-এর সুদ তোলা, রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের টাকা জমা ও তোলার মতো একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা সম্পূর্ণ বন্ধ। দূর-দূরান্ত থেকে এসেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কোনো কাজ না করেই ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্ষুব্ধ গ্রাহকদের দাবি, এই প্রধান ডাকঘরে মাঝেমধ্যেই বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরিষেবা ব্যাহত হয়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ডাকঘরের পোস্টমাস্টার স্বীকার করে নিয়েছেন যে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কারণেই মঙ্গলবার থেকে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। তবে বিদ্যুৎ না থাকলেও কেন পরিষেবা সচল রাখা গেল না, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। ডাকঘর সূত্রে জানা গেছে, জরুরি অবস্থায় ব্যাক-আপ দেওয়ার জন্য ডাকঘরের নিজস্ব জেনারেটর থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে অকেজো পড়ে রয়েছে। ফলে বিকল্প কোনও ব্যবস্থা না থাকায় গোটা ডাকঘরটি দু'দিন ধরে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ দফতর ও ডাকঘর কর্তৃপক্ষের সমন্বয় ঘটিয়ে এই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হোক। পাশাপাশি, ভবিষ্যতে এই ধরণের বড়সড় ভোগান্তি এড়াতে অবিলম্বে বিকল জেনারেটরটি মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।