নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে যখন নানা অনুষ্ঠানের জোয়ার, ঠিক তখনই দুর্গাপুরে দেখা গেল এক অভিনব ও বৈচিত্র্যময় চিত্র। কোথাও বিশেষ থিমের কেক, আবার কোথাও মন্দিরে পুজোর মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত হলো প্রধানমন্ত্রীর জন্মোৎসব।
সবচেয়ে বেশি নজর কেড়েছে দুর্গাপুরের বিধাননগরের একটি নামী বেকারি সংস্থা। প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তারা তৈরি করেছে বিশেষ ‘মোদি কেক’। প্রধানমন্ত্রীর ছবি এবং নামের আদলে নিখুঁতভাবে তৈরি এই কেকগুলি দেখতে দোকানে ভিড় জমাচ্ছেন বহু ক্রেতা। বেকারির তরফে জানানো হয়েছে, এই বিশেষ দিনটির কথা মাথায় রেখেই একাধিক ‘মোদি কেক’ ডিজাইন করা হয়েছে, যার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ তুঙ্গে। শুধু কেক তৈরিই নয়, এই উৎসবের আবহে ক্রেতাদের জন্য বিশেষ কেনাকাটায় আকর্ষণীয় অফারও রাখছে এই বেকারি কর্তৃপক্ষ।
অন্য দিকে, রাজনৈতিক ও ধর্মীয় রীতিনীতি মেনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপির মহিলা কর্মী-সমর্থকেরা। অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের উদ্যোগে বৃহস্পতিবার উত্তরপল্লীর কালী মন্দিরে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে দলের মহিলা কর্মীরা প্রথমে কালী মন্দিরে পুজো দিয়ে মোদিজির দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন। এরপর মন্দিরের সামনেই কেক কেটে চলে উৎসব পালন।
উপস্থিত সাধারণ মানুষ ও কর্মীদের মধ্যে লাড্ডু বিতরণও করা হয়। এই কর্মসূচিতে বিজেপির ওবিসি মোর্চার জেলা সম্পাদক স্বাধীন রায়-সহ এলাকার বহু মহিলা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
কেক থেকে পুজো— সব মিলিয়ে মোদিজির জন্মদিন ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ।