সংবাদদাতা,মুর্শিদাবাদঃ- গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘির গোবর্ধনডাঙা স্কুলপাড়া এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করল সাগরদিঘি থানার পুলিশ। ওই ব্যক্তি প্রায় ১৫ বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে অভিযোগ। ভারতীয় আধার ও প্যান কার্ডে জাল বা ভুয়ো তথ্য ব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি এতদিন ‘রনি শেখ’ নামে পরিচয় দিতেন। তবে প্রাথমিক তদন্তে তাঁর আসল নাম মোহাম্মদ ইসমাইল হোসেন বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকায় বলে অভিযোগ। ধৃতের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি লালগোলা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
অভিযোগ, দীর্ঘদিন ভারতে বসবাসের জন্য তিনি ভারতীয় আধার ও প্যান কার্ডে জাল বা ভুয়ো তথ্য ব্যবহার করেছিলেন। প্রায় আট বছর আগে লভলি খাতুন নামে এক ভারতীয় মহিলাকে বিয়ে করেন বলেও জানা গিয়েছে। এরপর থেকে সাগরদিঘি এলাকায় বসবাস করছিলেন তিনি।
পুলিশের তরফে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া মেনে ধৃতকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। কীভাবে এত বছর ধরে তিনি ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে বসবাস করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার পিছনে কোনও বড় চক্র বা স্থানীয় সহযোগীদের ভূমিকা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ।