সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল রেলপাড় অঞ্চলের বিসি রায় রোডে (সুগম পার্ক সংলগ্ন এলাকায়, ওকে রোডের আগে) হঠাৎ রাস্তা ধসে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই ব্যস্ততম রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন চলাচল করে। ফলে মাঝপথে হঠাৎ এমন ভয়াবহ ধস নামায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রের খবর, বিগত কয়েক দিনের টানা বৃষ্টি এবং অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের চাপ সামলাতে না পেরেই রাস্তার এই অংশটি বসে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পাওয়া মাত্রই প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। জনসুরক্ষার কথা মাথায় রেখে পুলিশ পুরো এলাকাটি আপাতত ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। বিপদ এড়াতে ওই পথে সাময়িকভাবে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং প্রশাসন দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছে।