এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। মোটরবাইক, স্কুটার, মোপেড এবং ইলেকট্রিক বাইক কেনার ক্ষেত্রে অগ্রিম অর্থের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ৩ নভেম্বর অর্থ দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ মোটরবাইক, স্কুটার বা মোপেড কেনার ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা অগ্রিম পাওয়া যাবে। তবে এই অর্থের পরিমাণ পাঁচ মাসের মূল বেতন অথবা গাড়ির সম্ভাব্য ক্রয়মূল্যের বেশি হবে না। অন্যদিকে, ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক টু-হুইলার কেনার ক্ষেত্রে প্রথম অগ্রিমের সর্বোচ্চ সীমা ১ লক্ষ ৫০ হাজার টাকা। এক্ষেত্রে ছ'মাসের মূল বেতন অথবা গাড়ির ক্রয়মূল্য বিবেচনা করা হবে।
দ্বিতীয়বার অগ্রিমের ক্ষেত্রে সাধারণ বাইক এবং ইলেকট্রিক দু'ধরনের গাড়ির জন্যই সর্বোচ্চ ৯০ হাজার টাকা দেওয়া হবে। এই সুবিধা পাওয়ার জন্য কর্মীদের মূল বেতন (Basic Pay) ন্যূনতম ২৫,৭০০ টাকা হতে হবে। অগ্রিমের মূল অর্থ সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তিতে এবং সুদ সর্বোচ্চ ২০টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে।