এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কোনও কারণে বাদ পড়ে যাওয়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলা নির্বাচন আধিকারিক (DEO) এবং নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিকদের (ERO) এই বিষয়ে বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো যোগ্য নাগরিকই প্রক্রিয়াগত জটিলতা বা তথ্যের অভাবে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন।
এই বিশেষ অভিযানের মূল বৈশিষ্ট্যগুলি হল-ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া যোগ্য নাগরিকদের তালিকায় ফেরানো এবং প্রথমবার ভোট দিতে চলা তরুণ-তরুণীদের নাম দ্রুত তালিকায় তোলা। শুধু প্রশাসনিক পরিকাঠামোর ওপর নির্ভর না করে নির্বাচনী সাক্ষরতা ক্লাবগুলিকে যোগ্য ও নতুন ভোটার চিহ্নিতকরণের কাজে নামানো হচ্ছে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে নতুন নাম তোলার জন্য ফর্ম-৬ জমা দেওয়ার সময় আর 'অ্যানেক্সার-৪' ঘোষণা পত্র জমা দিতে হবে না। পরিবর্তে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস, ১৯৬০ নির্ধারিত ফর্ম ব্যবহার করেই আবেদন করা যাবে। প্রতিটি DEO এবং ERO দফতরে বিশেষ শিবির ও হেল্প ডেস্ক চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে নাগরিকদের আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সরাসরি সহায়তা করা হবে।
রাজ্যে ২০২৬ সালের এসআইআর -এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বেশ কিছু সম্পূরক তালিকা প্রকাশিত হয়েছিল। এবার সাধারণ নিরবিচ্ছিন্ন সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ভোটারদের তালিকায় আনার কাজকে আরও সহজলভ্য করতে জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত নির্বাচনী পরিকাঠামোকে সক্রিয় করার স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন দফতর।