সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- কালীপুজোর পরের দিন অর্থাৎ সোমবার দুপুরে কাঁকসার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের কেবিন থেকে চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই কন্টেইনারটি জাতীয় সড়কের ধারে এক জায়গায় দাঁড়িয়ে ছিল। দীর্ঘক্ষণ গাড়িটি একই অবস্থায় পড়ে থাকতে দেখে এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপরই তাঁরা কাঁকসা থানার পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কন্টেইনারের কেবিন খুলতেই চালককে তাঁর আসনে নিস্তেজ অবস্থায় বসে থাকতে দেখে। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কন্টেইনারটি হরিয়ানা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ইতিমধ্যেই গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত মৃত চালকের নাম ও পরিচয় জানা যায়নি। তবে কন্টেইনারের গায়ে লেখা ফোন নম্বর দেখে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ঠিক কী কারণে ওই চালকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অসুস্থতাজনিত কারণে মৃত্যু নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।