সংবাদদাতা,আসানসোলঃ- উৎসবের মরশুমের মাঝেই বড়সড় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল সালানপুর ব্লকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 'বাঁশকেটিয়া কমিউনিটি হল'। এলাকার সমস্ত সামাজিক অনুষ্ঠান এবং সভা-সমাবেশের একমাত্র ভরসাস্থলটি এভাবে আগুনে পুড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সাতসকালে হলের ভেতর থেকে আগুনের ফুলকি ও কালো ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা। প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করায় দমকলে খবর দেওয়া হয়।
খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি, পরিস্থিতি সামাল দিতে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা (সিএলডব্লু) থেকেও দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলের পৌঁছয়।
স্থানীয়দের মতে, এই হলটি কেবল একটি সাধারণ অনুষ্ঠানস্থলই ছিল না, বরং এটি ছিল এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কেন্দ্র। এখানে ডিভিসি -র উদ্যোগে এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নিয়মিত বিউটিশিয়ান কোর্স-সহ একাধিক প্রশিক্ষণও দেওয়া হতো।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে হলের ভেতরে মজুত থাকা ত্রিপল-সহ প্রচুর প্রয়োজনীয় সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়া, আগুনের প্রবল উত্তাপে হলের বারান্দার পাকা ছাদটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনস্বার্থের সঙ্গে জড়িত এমন একটি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে।
ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। তবে কালীপুজোর মরশুম চলায় এর নেপথ্যে অন্য কোনো কারণ বা অন্তর্ঘাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ।